নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ রাত ০৬:৪৬:৩৭
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, ২৪ ঘন্টায় প্রাণ গেল চারজনের
ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে প্রাণ গেল চারজনের। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩১ জন।
এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৯ জন। ৩০০ ছুঁতে আর একজন বাকি। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯৭ হাজার ৮২ জন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।