নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ রাত ০৭:০৪:০৯
ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের
বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ সকল সদস্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকার জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে’ নেতৃত্ব দিয়েছে তুলে ধরে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
স্থানীয় সময় সোমবার বিকাল পৌনে ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইল চেয়ারে বের হওয়ার সময় তোপের মুখে পড়েন নোবেলজয়ী ইউনূস।
এসময় পাশে লাগেজ হাতে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।
সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। তখন হুইল চেয়ার ঘুরিয়ে মুহাম্মদ ইউনূসকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় আবারও আওয়ামী লীগের ‘সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে’ উন্মোচিত করেছে বলে মন্তব্য করেন মুহাম্মদ ইউনূসের সরকারে থাকা নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের টানা শাসনের অবসান ঘটে। শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে সামনে সারিতে থাকা নাহিদ ইসলাম পরে ছাত্রদের প্রতিনিধি হিসেবে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যোগ দেন। পরে সরকার থেকে পদত্যাগ করে গড়ে তোলেন এনসিপি।
অন্তর্বর্তী সরকারের সময়েই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমান সংসদে এ সংক্রান্ত বিলও পাস হয়েছে।
সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বলেন, এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই।
এনসিপি আহ্বায়ক বলেন, দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে। জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে।
বিবৃতিতে তিনি ‘গণহত্যা ও সন্ত্রাসের দায়ে’ অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানান।