গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৭:০১
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে
গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটির ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি চারতলা ভবনেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষ পরিস্থিতি অনুযায়ী, আগুনের কারণে কারখানার ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যাচ্ছে। এদিকে আগুনের ধোঁয়া, প্রচণ্ড তাপ ও রাসায়নিকের তীব্র গন্ধে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে তা পাশের পেনসিলিং ভবনের চারতলায় ছড়িয়ে পড়ে। আগুনের বিস্তার ঠেকাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে কী কারণে আগুন লেগেছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তাঁরা।